Facebook Twitter Instagram YouTube

সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক না হওয়ার প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ / ০
সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক না হওয়ার প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইবার সুরক্ষা আইন যেন কোনোভাবেই নিপীড়নমূলক আইনে পরিণত না হয়, সে বিষয়ে সরকারের সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই আইনের সংশোধনী আনার জন্য একটি খসড়া বিল তৈরি করে কেবিনেটে আলোচনা করা হয়েছিল। পরবর্তী সময়ে ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী আইটি বিশেষজ্ঞ এবং সাইবার স্পেসে কর্মরত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সমাজের সর্বস্তরের মানুষের মতামত গ্রহণের জন্য খসড়াটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। সেখান থেকে সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠান এবং মানবাধিকার সংগঠনের কাছ থেকে পাওয়া মতামতগুলো সংকলন করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক এবং বিভিন্ন সংবাদপত্রের সংগঠনের প্রতিনিধিদের সাথেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে।

আলোচনা সভায় অংশ নিয়ে মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর চৌধুরী বলেন, যথাযথ সংশোধনী ছাড়া সাইবার সুরক্ষা আইন পাস করা হলে বাংলাদেশ একটি বৃহৎ কারাগারে পরিণত হবে।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এ আইনের খসড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই আইন গ্রহণ করা হলে তা প্রতিবন্ধকতা তৈরি করবে। একইসঙ্গে তিনি আইনে মোবাইল কোর্টের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তোলেন এবং মিডিয়ার সুরক্ষার স্বার্থে সবাই মিলে একটি ভালো প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin