Facebook Twitter Instagram YouTube

সরকারি অফিসে দ্রুত সৌরবিদ্যুৎ চালুর আহ্বান জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ / ০
সরকারি অফিসে দ্রুত সৌরবিদ্যুৎ চালুর আহ্বান জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর এবং সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে তাদের নিজ নিজ কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি নিয়মিতভাবে অগ্রগতি পর্যালোচনা করার তাগিদ দেন তিনি। এছাড়া, বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম শিগগিরই সরেজমিনে পরিদর্শন করা হবে বলেও তিনি জানান।

সভায় সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে চলমান কার্যক্রম এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিভিন্ন উদ্যোগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারীরা ঢাকার পাশাপাশি মাঠপর্যায়ের দপ্তর ও প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম তারেক। এছাড়া ঢাকার বাইরে অবস্থিত বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা অনলাইনে সভায় যুক্ত হয়ে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও অগ্রগতির তথ্য তুলে ধরেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin