Facebook Twitter Instagram YouTube

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ / ০
তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের অংশ হিসেবে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী তিন মাসের মধ্যে এই টার্মিনাল দুটি কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে। শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ডিএমপি কমিশনার জানান, চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্পে ১০ একর জায়গায় টার্মিনাল ও ডিপো তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে। কাজটি শেষ হওয়ার পরপরই গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাসগুলো সেখানে সরিয়ে নেওয়া হবে। তিনি বলেন, আপাতত এই ১০ একর জায়গায় টার্মিনাল ও ডিপোর কার্যক্রম অস্থায়ীভাবে চালানো হবে। পরবর্তীতে রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গা বরাদ্দ পাওয়ার পর সেখানে স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মাণ করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, চুনকুটিয়ায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলা হবে। স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মিত হলে দক্ষিণবঙ্গের ১৯ জেলার সব পরিবহন, ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাকগুলো সেখানে স্থানান্তর করা হবে।

মোসলেহ্ উদ্দিন আহমদ কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, টার্মিনাল স্থানান্তরের জন্য সর্বোচ্চ তিন মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাস সেখানে শিফট করা হবে। সেখানে পরিবহন ব্যবস্থা একটি শৃঙ্খলাবদ্ধ নিয়মের অধীনে পরিচালিত হবে। এই নিয়মের বাইরে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং কেউ এমন চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din