Facebook Twitter Instagram YouTube

ভূগর্ভস্থ সুড়ঙ্গে একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ণ / ০
ভূগর্ভস্থ সুড়ঙ্গে একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওচিত্রে দেশটির একটি নতুন ভূগর্ভস্থ সামরিক স্থাপনা এবং অত্যাধুনিক উৎক্ষেপণব্যবস্থা সামনে আনা হয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উন্মোচিত এ প্রযুক্তির মাধ্যমে একই সময়ে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব বলে জানা গেছে।

নতুন উন্মোচিত এই প্রযুক্তিকে ইরানের আগের ব্যবহৃত দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার চেয়ে উন্নত বলে মনে করা হচ্ছে। আগের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়ার সুযোগ ছিল। সামরিক বিশেষজ্ঞদের মতে, তরল জ্বালানি অধিক কার্যকর এবং এর ব্যবহারের ফলে পরিচালনাকারীরা ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ কিছুটা নিয়ন্ত্রণ করার সুবিধা পান।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দেশটির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় অপ্রত্যাশিত চমক এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদন অনুযায়ী, এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হয়ে থাকে। গতি ও গতিপথ নিয়ন্ত্রণের সুবিধা থাকায় এগুলো শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সহজে ফাঁকি দিতে পারে। একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, নতুন প্রজন্মের এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা ও লক্ষ্যভেদে নির্ভুলতা বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) সহায়তা ছাড়াই পথনির্দেশনা পাওয়ার প্রযুক্তি যুক্ত হয়েছে।

শনিবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের এই নতুন ভূগর্ভস্থ স্থাপনাটি ঘুরে দেখেন বাহিনীটির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। সে সময় প্রচারিত ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভেতরে শত শত ক্ষেপণাস্ত্র ও সামরিক উৎক্ষেপণযান সাজানো অবস্থায় দেখা গেছে। তবে প্রচারিত এ ভিডিওচিত্রটি ঠিক কোন সময়ে ধারণ করা হয়েছিল, তা স্পষ্ট করা হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor