
পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল দুধ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। ২২ নভেম্বর রবিবার রাত ৯টার দিকে ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল দুধ, জেলি এবং নকল দুধ তৈরির উপকরণ হিসেবে ২৫০ গ্রাম কস্টিক সোডা জব্দ করে ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় এই অপরাধে চারজনকে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে গোপালনগর গ্রামের আবুল হোসেনকে (৩৫), পিতা আনসার প্রামাণিক, ছয় মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা এবং একই গ্রামের ওমর ফারুককে (২৫), পিতা সিদ্দিকুর রহমান, এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভ্যানচালক আসলাম (২৫), পিতা সিদ্দিক এবং চাঁদ আলী (৪০), পিতা তোফাজ্জল হোসেন, উভয়কেই দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ফরিদপুর থানা পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব উদ্দিনের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ভেজাল খাদ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :