Facebook Twitter Instagram YouTube

মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ / ০
মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। শুনানিতে তিনি জানান, মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারেনি। তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় অভিযান চালিয়েও তার সন্ধান না পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করেছেন। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেন।

একই মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ ছয়জন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া ছয় আসামি হলেন—আমির হোসেন আমু, শাজাহান খান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, আবদুর রাজ্জাক, ডা. দীপু মনি এবং তৌফিক-ই-ইলাহী চৌধুরী। রোববার সকালে গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও অসুস্থতার কারণে ফারুক খানকে আদালতে আনা সম্ভব হয়নি। মির্জা আজমসহ এই মামলায় মোট আসামির সংখ্যা সাতজন।

এর আগে গত ৫ নভেম্বর বিচারিক প্যানেল সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন দমনে এই সাত নেতা নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৪-দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং সেই কারফিউকে কাজে লাগিয়ে হত্যাযজ্ঞ পরিচালনার পরিকল্পনায় তাদের সংশ্লিষ্টতার কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বা ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’র অভিযোগে এই মামলাটি পরিচালিত হচ্ছে। ট্রাইব্যুনাল আগামী ৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din