
দেশের গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্কের মান বাড়াতে কম ফ্রিকোয়েন্সির তরঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যে ‘ই-জিএসএম’ ব্যান্ডের স্পেকট্রাম বা তরঙ্গ বরাদ্দের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। দুই বেসরকারি মোবাইল অপারেটর রবি ও বাংলালিংকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই তরঙ্গ নিলামের সিদ্ধান্ত নেওয়া হলেও এখন তা নিয়ে দুই অপারেটরের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। বাংলালিংক চাইছে নতুন টেলিযোগাযোগ নীতিমালা চূড়ান্ত হওয়ার পর নিলাম হোক, অন্যদিকে রবির দাবি এখনই এই নিলাম আয়োজন করা উচিত।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে অপারেটরদের ব্যবহৃত তরঙ্গ দ্রুতগতির ইন্টারনেট দিতে পারলেও দেয়াল বা ছাদের মতো বাধা সহজে ভেদ করতে পারে না। ফলে ঘরের ভেতরে সিগন্যাল দুর্বল হয়ে যায়। তবে ‘লোয়ার-ব্যান্ড’ বা কম ফ্রিকোয়েন্সির তরঙ্গের সুবিধা হলো, এটি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে এবং ভবনের ভেতরেও সহজে প্রবেশ করতে পারে। বিশ্বের অনেক দেশেই গ্রামীণ কভারেজ উন্নত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। গত জুন মাসে অপারেটরদের অতিরিক্ত লোয়ার-ব্যান্ড তরঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিটিআরসি। এ জন্য ৮৮০ থেকে ৮৮৮ দশমিক ৪ মেগাহার্টজ এবং ৯২৫ থেকে ৯৩৩ দশমিক ৪ মেগাহার্টজ রেঞ্জের ‘এক্সটেন্ডেড জিএসএম’ বা ইজিএসএম ব্যান্ড নির্ধারণ করে কমিশনের একটি কারিগরি কমিটি।
নতুন এই তরঙ্গ নিলামের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে গত ২১ সেপ্টেম্বর বিটিআরসিকে চিঠি দেয় বাংলালিংক। চিঠিতে অপারেটরটি উল্লেখ করেছে, সরকার বর্তমানে নতুন টেলিযোগাযোগ নীতিমালা চূড়ান্ত করার কাজ করছে, যা আগামী নভেম্বরের মধ্যে শেষ হতে পারে। এই নীতিমালায় সংযোগ, ডিজিটাল অন্তর্ভুক্তি, স্পেকট্রাম ব্যবস্থাপনা, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা থাকবে। তাই নীতিমালা চূড়ান্ত হওয়ার আগে স্পেকট্রাম বরাদ্দ, মূল্য ও মেয়াদসংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়া হলে তা ভবিষ্যতের নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান জানান, তারা গ্রাহকসেবা উন্নত করতে ইজিএসএম তরঙ্গের ব্যবহারের পক্ষে থাকলেও নতুন নীতিমালা চূড়ান্ত হওয়ার পর এর বরাদ্দ দেওয়াটা যুক্তিযুক্ত হবে।
বাংলালিংকের এই দাবির বিপরীতে অবস্থান নিয়ে গত ২৪ সেপ্টেম্বর বিটিআরসিকে চিঠি পাঠায় রবি। চিঠিতে তারা জানায়, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে দ্রুত ই-জিএসএম স্পেকট্রাম উন্মুক্ত ও বরাদ্দ করা প্রয়োজন। রবির মতে, টেলিযোগাযোগ নীতিমালার সঙ্গে এই তরঙ্গ বরাদ্দের কোনো সরাসরি আইনি বাধ্যবাধকতা নেই। রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এ বিষয়ে বলেন, তরঙ্গের চাহিদা অপারেটরভেদে ভিন্ন হতে পারে। কোনো অপারেটর যদি তরঙ্গ নিতে না চায়, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে রবির গ্রাহকদের জন্য সেবার মান বাড়াতে তরঙ্গের প্রয়োজনীয়তা রয়েছে এবং সে কারণেই তারা বিটিআরসিকে অনুরোধ জানিয়েছেন।
এই দ্বন্দ্বের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানিয়েছেন, টেলিযোগাযোগ নীতিমালার সঙ্গে তরঙ্গ নিলামের কোনো সম্পর্ক নেই। মন্ত্রণালয় থেকে তরঙ্গের ভিত্তিমূল্যের অনুমোদন পেলেই নিলামের আয়োজন করা হবে। বিটিআরসি ইতিমধ্যে ইজিএসএম ব্যান্ডের তরঙ্গের ভিত্তিমূল্য চূড়ান্ত অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠিয়েছে। চিঠিতে কম ইন্টারফেরেন্সযুক্ত ৩ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রামের ভিত্তিমূল্য প্রতি মেগাহার্টজে ২১৪ কোটি টাকা এবং বেশি ইন্টারফেরেন্সযুক্ত ৫ মেগাহার্টজ স্পেকট্রামের ভিত্তিমূল্য ১৭৮ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা ১৫ বছরের জন্য প্রযোজ্য হবে।
বর্তমানে দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা ১৯ কোটির বেশি। রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকসহ মোট চারটি প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৮ কোটি ৭২ লাখ গ্রাহক রয়েছে গ্রামীণফোনের। দ্বিতীয় অবস্থানে থাকা রবির গ্রাহক প্রায় ৬ কোটি এবং বাংলালিংকের গ্রাহকসংখ্যা ৩ কোটি ৭৯ লাখের বেশি। এর আগে দুর্গম এলাকায় সেবার মান বাড়াতে গত জুন মাসে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ চালু করেছিল গ্রামীণফোন। সেই সময়েই রবি ও বাংলালিংক বিটিআরসির কাছে ইজিএসএম ব্যান্ডের তরঙ্গ চেয়ে আবেদন করেছিল।
আপনার মতামত লিখুন :