
আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। এ ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান সরকার ভারতীয় কূটনীতিককে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। গত শুক্রবার বেডিয়ান সেক্টরের এই সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় আরও এক পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ‘তীব্র প্রতিবাদ’ জানানো হয়েছে। ইসলামাবাদের অভিযোগ, বিএসএফ নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর কোনো উসকানি ছাড়াই মারাত্মক বলপ্রয়োগ করেছে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই শক্তিপ্রয়োগ ছিল সম্পূর্ণ অন্যায্য ও চরম মাত্রায় অসামঞ্জস্যপূর্ণ, যার কারণে দুই বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে।
নিহতদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে আখ্যা দেওয়ার যেকোনো প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। একই সঙ্গে এই ঘটনার একটি দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য তদন্ত দাবি করেছে ইসলামাবাদ। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্তের ফলাফল ও গৃহীত পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানানোর দাবি জানানো হয়েছে।
এই ঘটনার পর ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভারতের সংবাদমাধ্যমগুলো দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, সীমান্তে একটি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার সময় বিএসএফের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :