Facebook Twitter Instagram YouTube

পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া, তাপমাত্রা নেমেছে ১৩.৬ ডিগ্রিতে


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ / ০
পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া, তাপমাত্রা নেমেছে ১৩.৬ ডিগ্রিতে

দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের দাপট। ভোর ও রাতের হিমেল বাতাসে পুরো জেলায় শীতের আবহ স্পষ্ট হয়ে উঠেছে। বুধবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে জানানো হয়েছে, বুধবার সকাল ৬টায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়ও এই সর্বনিম্ন তাপমাত্রা ও আর্দ্রতার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ঠান্ডার তীব্রতা পরিলক্ষিত হয়। আগের রাত থেকেই ছিল হালকা কুয়াশা। সকালে সূর্য উঠলেও হিমেল বাতাসের দাপটে শীতের তীব্র অনুভূতি কমেনি। ঠান্ডা হাওয়ার কারণে বিশেষ করে সকালে জীবিকার তাগিদে কাজে বের হওয়া দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এলাকার বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীত বেশি অনুভূত হচ্ছে। সারারাত বইতে থাকা ঠান্ডা হাওয়ার কারণে ভোর ও সকালে বেশি ঠান্ডা লাগছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের উত্তাপ বাড়লে কিছুটা স্বস্তি ফিরে আসে।

পঞ্চগড়ের হাড়িভাসা এলাকার বাসিন্দা রাজিব হোসেন বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যা নামলেই ঠান্ডা পড়তে শুরু করে। রাতের হিমেল বাতাসের কারণে শীত আরও বাড়ে। সকালে সূর্য উঠলেও বাতাসের দাপটে ঠান্ডা কমে না, বিশেষ করে ভোরে বাইরে বের হলে বেশি শীত লাগে। আরেক বাসিন্দা আরিফ ইসলাম জানান, সকালে রোদের কারণে কিছুটা স্বস্তি মিললেও রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস অব্যাহত থাকে এবং সন্ধ্যা হতেই আবার শীত বাড়তে শুরু করে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin