
ভোলার দৌলতখান উপজেলায় বাবার প্রায় দুই কোটি টাকার সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে তিন মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার শিকার ২১ বছর বয়সী ওই গৃহবধূর নাম রুমা বেগম। তিনি বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল আমিনের স্ত্রী। বর্তমানে তিনি ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রুমার অভিযোগ, তার বাবা হানিফ মৃধার দ্বিতীয় স্ত্রী সোনিয়া বেগম ১০-১২ জন লোক নিয়ে তাদের বাড়িতে এসে হামলা চালান। মারধরের একপর্যায়ে সোনিয়া ও তার সহযোগীরা রুমার হাতের সোনার আংটি ও গলার চেইন ছিনিয়ে নিয়ে যান। পারিবারিক বিরোধের কারণ ব্যাখ্যা করে রুমা জানান, প্রায় তিন মাস আগে তার বাবা সোনিয়া বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই সোনিয়া বাবার সব সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন, যা নিয়ে পরিবারে বিরোধ তৈরি হয়।
ঘটনার পর আহত রুমাকে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই হামলার ঘটনার বিচার দাবি করে রুমার স্বামী আল আমিন বলেন, সম্পত্তি নিয়ে কোনো বিরোধ থাকলে তা পারিবারিকভাবে বসে সমাধান করা উচিত ছিল। কিন্তু তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও অনাগত সন্তানের ওপর এভাবে হামলা চালানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সৎমা সোনিয়া বেগমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফকরুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :