
ব্যবসায়ী শেখ নূর ইসলাম কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কর্মকাণ্ডসংক্রান্ত বিভিন্ন সংবাদে নিজেকে ‘সালমানের শ্বশুর’ হিসেবে উপস্থাপন করার তীব্র আপত্তি জানিয়েছেন। শনিবার ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের হেড অব অপারেশন মোহাম্মদ ফয়জুল করিমের স্বাক্ষরিত এক লিখিত প্রতিবাদ ও ব্যাখ্যায় বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে, সালমান মুক্তাদিরের সঙ্গে শেখ নূর ইসলামের মেয়ে দিশা ইসলামের বিয়ে তিনি বা তাঁর পরিবার মেনে নেয়নি। বিয়ের পর থেকেই সংশ্লিষ্টদের সঙ্গে তাঁদের সামাজিক ও পারিবারিক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। এই পরিস্থিতিতে সালমান মুক্তাদিরের ব্যক্তিগত, সামাজিক বা ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে শেখ নূর ইসলামের নাম জড়িয়ে তাঁকে ‘সালমানের শ্বশুর’ হিসেবে পরিচয় দেওয়াকে ‘অনভিপ্রেত, অসত্য এবং অত্যন্ত অশোভন’ বলে বর্ণনা করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘টসবন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করা হয়। ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফের তথ্যের ভিত্তিতে বিভিন্ন সংবাদমাধ্যমে ওয়্যারহাউসটির মালিক হিসেবে নূর ইসলামের নাম উঠে আসে। প্রতিবাদপত্রে সেই মালিকানার দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করা হয়েছে। শেখ নূর ইসলাম দাবি করেছেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই।
নিজের ব্যবসায়িক অবস্থান স্পষ্ট করে শেখ নূর ইসলাম জানিয়েছেন, বাংলাদেশে ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ছাড়া তাঁর অন্য কোনো মদের বার, ওয়্যারহাউস কিংবা ডিপ্লোমেটিক বন্ডেড হাউস নেই। এছাড়া দেশে তাঁর কিছু রেস্তোরাঁ ও কৃষিভিত্তিক ব্যবসা রয়েছে। ৪৬ বছর ধরে কানাডায় বসবাসরত শেখ নূর ইসলাম সে দেশের নাগরিক এবং তাঁর দুই মেয়ে দিশা ইসলাম ও বর্ষা ইসলাম জন্মসূত্রে কানাডার নাগরিক। তিনি দাবি করেছেন, কানাডার বৈধ ব্যবসার আয় থেকেই নিয়ম মেনে বাংলাদেশে প্রবাসী আয় পাঠিয়ে তিনি দেশীয় ব্যবসা পরিচালনা করছেন।
আপনার মতামত লিখুন :