Facebook Twitter Instagram YouTube

দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ / ০
দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৭) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার দেবীগঞ্জ-সোনাহার সড়কের দেবীগঞ্জ মিনি স্টেডিয়ামের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর প্রধান উপজেলার রামগঞ্জ বিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর প্রধানের ছেলে। তিনি স্থানীয় রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে আলমগীর প্রধান নিজের মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের চালক তন্ময় ও তার সঙ্গে থাকা এক আরোহী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতির কারণে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। চিকিৎসকের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে নিহতের সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh