Facebook Twitter Instagram YouTube

সৌদির আসির প্রদেশে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ / ০
সৌদির আসির প্রদেশে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে পুনরায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, হুতিদের ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ও একটি প্রজেক্টাইল সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করতে সক্ষম হয়েছে।

শুক্রবার আসিরের আহাদ রাফিদাহ গভর্নরেটের আকাশে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়, যা আকাশেই ধ্বংস করা হয়। এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক এশীয় প্রবাসী আহত হয়েছেন। সৌদির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্সের তথ্যমতে, ধ্বংসাবশেষ পড়ার ফলে একটি ভবনের ভেতরের নামাজের কক্ষ এবং কয়েকটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি জানিয়েছেন, একই দিনে আসিরের খামিস মুশাইত লক্ষ্য করে আরও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুতি মিলিশিয়া, যা সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী শনাক্ত করে ধ্বংস করেছে। এ ছাড়া নাজরানে হুতিদের ছোড়া একটি শত্রু প্রজেক্টাইল একটি স্কুলে আঘাত হেনেছে, যার ফলে স্কুলটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সিভিল ডিফেন্সের দলগুলো ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin