
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে শনিবার দিনভর অব্যাহত ছিল প্রবল ঝড় ও ভারী বর্ষণ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দ্বীপটির ইরাক্লিও, খানিয়া ও রেথিমনো এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুষলধারে বৃষ্টির কারণে নদী ও খাল উপচে পড়ে বিভিন্ন সড়ক তলিয়ে গেছে এবং ধ্বংসাবশেষে ঢেকে গেছে চলাচলের পথ। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে এবং দ্বীপের বিভিন্ন সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। প্রবল বাতাসের কারণে ফেরি চলাচলও বাতিল করা হয়েছে।
বন্যার পানির প্রকোপ থেকে বাঁচতে বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। মাইলোপোটামোসের মেয়র জিওর্গোস ক্লাদোস জানিয়েছেন, জোনিয়ানা গ্রামের একটি নদীর তীরবর্তী বাড়িঘর তলিয়ে যাওয়ায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং দাফনেদেস বসতি থেকেও লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, পশ্চিম ক্রিটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সামারিয়া গর্জে আটকা পড়েছেন আটজন কর্মী। বন্যার পানিতে হাঁটার পথ তলিয়ে যাওয়ায় তারা সেখান থেকে বের হতে পারছেন না। আটকা পড়া ব্যক্তিদের মধ্যে গ্রিসের প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংস্থার ছয় কর্মী এবং দুই বনরক্ষী রয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর এলাকায় প্রবেশের পর আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় তারা প্রবেশপথ থেকে প্রায় ৪ দশমিক ৩ মাইল দূরে আটকা পড়েন।
আপনার মতামত লিখুন :