Facebook Twitter Instagram YouTube

ঢাকার চারটি বারে এনবিআরের অভিযান, খতিয়ে দেখা হচ্ছে রাজস্ব ফাঁকি


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ / ০
ঢাকার চারটি বারে এনবিআরের অভিযান, খতিয়ে দেখা হচ্ছে রাজস্ব ফাঁকি

রাজধানীর চারটি বারে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন সংস্থা। অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে এসব পণ্য সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত শনিবার (৩ অক্টোবর) এই অভিযান পরিচালিত হয়। এনবিআরের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযান চালানো প্রতিষ্ঠানগুলো হলো আরএ ডাব্লিউ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এর মধ্যে ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মালিক হিসেবে আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের নাম উঠে এসেছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এই অভিযানের জন্য চারটি পৃথক দল গঠন করেছিল। অভিযানে সিআইআইডির পাশাপাশি এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা উত্তর) কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন, তল্লাশি ও নথিপত্র যাচাইয়ের কাজ করছেন। প্রতিষ্ঠানগুলোর মজুত করা পণ্যের বৈধতা এবং শুল্ক পরিশোধের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। কোনো অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনবিআর।

এর আগেও কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছিল যে, সালমান মুক্তাদিরের শ্বশুরের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড'-এর অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত স্থানে অ্যালকোহল মজুত পাওয়া গেছে। ওই ঘটনায় প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছিল। মূলত বিদেশি কূটনীতিকদের জন্য শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহকারী এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ পাওয়ার পর থেকেই গোয়েন্দারা অনুসন্ধান চালাচ্ছিলেন।

এদিকে, গত ৩০ সেপ্টেম্বর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি মিরপুরে নিজের স্টুডিওতে হামলার ঘটনায় সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ক্ষমতাসীনদের দায়ী করেছিলেন বলে জানা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din