
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ককপিটে হামলার অভিযোগ ওঠার পর সহকারী পাইলট হামাম আল-হামামিকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তাকে ওমানের নাগরিক হিসেবে শনাক্ত করা হলেও, তার পরিচয় বা কথিত উগ্রপন্থি মতাদর্শ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাত এই ঘটনাকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' হিসেবে বর্ণনা করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আল জাজিরা।
গত বুধবার (এফজেড১০৭৩) ফ্লাইটটি দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে সকাল ৭টা ৫ মিনিটে উড্ডয়ন করে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ৩৪ হাজার ফুট উচ্চতায় ওঠার পর দুই ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে বিমানটি হঠাৎ দ্রুত নিচে নামতে শুরু করে। প্রায় দুই মিনিটে ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যাওয়ার পর বিমানটি আবার ওপরে উঠে ফের নিচে নামতে থাকে।
এ সময় ককপিটে ক্যাপ্টেন স্মিত মাচ্ছার এবং সহকারী পাইলট আল-হামামির মধ্যে লড়াই চলছিল। অভিযোগ উঠেছে, আল-হামামি জরুরি ব্যবহারের কুঠার দিয়ে ক্যাপ্টেনকে আঘাত করে বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। এছাড়া, অভিযোগ অনুযায়ী, হামিমি ছুরি দিয়েও ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের ওপর হামলা করেন। গুরুতর আহত ক্যাপ্টেন স্মিত পরে জানান, বিমানটি দ্রুত নিচে নামতে দেখে তিনি বুঝতে পারেন, এটাই শেষ সুযোগ। দ্রুত তিনি ককপিটের দরজা খুলে দেন। এতে যাত্রী ও ক্রু সদস্যরা ভেতরে ঢুকে হামিমিকে কাবু করেন। এরপর বিমানে থাকা দুই রিজার্ভ পাইলট নিয়ন্ত্রণ নিয়ে বিমানটি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুকে নিরাপদে অবতরণ করান।
সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল-শামসি শনিবার জানান, তদন্তকারীরা মনে করছেন হামিমি একটি 'সন্ত্রাসী কর্মকাণ্ড' শুরু করেছিলেন। তিনি আরও বলেন, জরুরি ব্যবহারের কুঠার দিয়ে ক্যাপ্টেনকে হামলা করা হয় এবং বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য কী ছিল এবং হামামি একাই কাজ করেছিলেন কিনা, সে প্রশ্নের উত্তর এখনো মেলেনি। আবুধাবির নেতৃত্বে তদন্ত চলছে এবং হামলার উদ্দেশ্য, সম্ভাব্য সহযোগী এবং শারীরিক ও ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তদন্ত শেষ হলে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
পরিস্থিতি সম্পর্কে অবগত তিনজন কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে জানান, হামাম আল-হামামিই হামলার সন্দেহভাজন। এসব কর্মকর্তাদের মধ্যে একজন উপসাগরীয় ও অপর দুইজন পশ্চিমা বিশ্বের কূটনীতিক। তবে তারা পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। একজন কূটনীতিক জানান, হামামি একাই হামলা চালিয়েছিলেন, নাকি কোনো উগ্রপন্থি গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হামামি ওমানের নাগরিক। সংযুক্ত আরব আমিরাতে তার জন্ম এবং তার মা সিরিয়ার নাগরিক। জীবনের কয়েক বছর তিনি আমিরাতেই কাটিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কথিত উগ্রপন্থি মতাদর্শ নিয়ে উদ্বেগের কারণে ওমানি কর্তৃপক্ষ একসময় তাকে দেশে বিমান চালানো থেকে নিষিদ্ধ করেছিল। তবে তার কথিত মতাদর্শ কী ছিল কিংবা ওমান অন্য দেশ বা বিমান সংস্থাকে এ বিষয়ে সতর্ক করেছিল কিনা, তা স্পষ্ট নয়। সিএনএনের আরেক প্রতিবেদনে এক আঞ্চলিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, একই ধরনের উদ্বেগের কারণে হামামিকে পাইলট প্রশিক্ষণ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল।
হামামি নামের একটি লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ওমান এয়ারে সাত বছর কাজ করেছেন এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সেখান থেকে চলে যান। এরপর জুনে রয়্যাল এয়ার মারকে যোগ দিয়ে ২০২৬ সালের জানুয়ারিতে সেটিও ছাড়েন। যুক্তরাজ্যের বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটি জানিয়েছে, হামামি সেখানে বিমান ব্যবস্থাপনা বিষয়ে একটি দূরশিক্ষণ কোর্স সম্পন্ন করেছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ে কোনো পাইলট প্রশিক্ষণ নেননি।
আপনার মতামত লিখুন :