Facebook Twitter Instagram YouTube

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিদল


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ / ০
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিদল

জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সচিবালয়ে গিয়ে তাঁর কার্যালয়ে প্রবেশ করেছেন এনসিপির একটি প্রতিনিধিদল। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে দলটির নেতারা সরকারপ্রধানের সঙ্গে এই সংলাপে বসেন।

প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং আকরাম হোসেন সিএফ। এর আগে রোববার এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিলেন। এনসিপি প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে ইতিবাচক হিসেবেই গ্রহণ করেছে।

গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়। সেদিন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একান্ত আলোচনার ধারাবাহিকতায় আজ এই সংলাপ শুরু হলো। এনসিপির পর্যায়ক্রমে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর আলোচনার কথা রয়েছে।

সংলাপে এনসিপির পক্ষ থেকে কী বলা হবে, সে বিষয়ে নাহিদ ইসলাম রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছিলেন। তিনি বলেন, তারা প্রধানমন্ত্রীর কাছে জাতীয় ঐক্যের সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকারের দাবি জানাবেন। নাহিদ ইসলাম আরও বলেন, বিগত সময়ে দেওয়া অঙ্গীকার ভঙ্গের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংশোধন পরিষদের শপথ গ্রহণের বিষয়টিকে তারা জাতীয় ঐক্যের প্রধান ধাপ হিসেবে দেখছেন। এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার দাবিও তাদের রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin