
যুক্তরাষ্ট্রের সামুদ্রিক গবেষকেরা সমুদ্রের গভীরে বসবাসকারী অত্যন্ত বিরল এবং অদ্ভুত দর্শন এক মাছের দেখা পেয়েছেন। মাছটির মাথার ওপরের অংশ স্বচ্ছ, যার ভেতর দিয়ে সবুজাভ রঙের দুটি নলাকার চোখ স্পষ্টভাবে দেখা যায়। সম্প্রতি ক্যালিফোর্নিয়া উপকূল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ মিটার গভীরে মাছটির ৪কে মানের ভিডিও ধারণ করা সম্ভব হয়েছে। মাছটির নাম ব্যারেলআই, যার বৈজ্ঞানিক নাম ম্যাক্রোপিনা মাইক্রোস্টোমা (Macropinna microstoma)।
মন্টেরি বে অ্যাকুয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউটের (এমবিএআরআই) গবেষকেরা গত ২৮ অক্টোবর তাদের ওয়েবসাইটে এ আবিষ্কারের তথ্য প্রথম প্রকাশ করেন। পরবর্তীতে ১৭ নভেম্বর সায়েন্সডেইলিতেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। গবেষণা জাহাজ ডেভিড প্যাকার্ডে অবস্থান করে দূরনিয়ন্ত্রিত ডুবোযান (আরওভি) ডক রিকেটসের সাহায্যে সমুদ্রের তলদেশে অনুসন্ধান চালানোর সময় গবেষকদের নজরে আসে মাছটি। এমবিএআরআইয়ের জীববৈচিত্র্য ও জৈব-আলোকবিজ্ঞান দলের গবেষকেরা জেলিফিশসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী নিয়ে গবেষণার জন্য ‘ডাইভিং ডিপ ফর ডেলিকেট ড্রিফটার্স’ নামক আট দিনের এক অভিযানে অংশ নিয়েছিলেন। অভিযান শেষে ডুবোযানটি যখন ওপরে ফিরছিল, তখন গবেষণা বিশেষজ্ঞ শ্যানন জনসন মাছটিকে প্রথম দেখতে পান।
গবেষকেরা প্রায় ২০ মিনিট ধরে মাছটিকে পর্যবেক্ষণ করেন এবং উচ্চক্ষমতার ৪কে ক্যামেরায় এর শরীর ও চোখের নড়াচড়া ধারণ করেন। মাছটির চোখের গঠন অত্যন্ত বিস্ময়কর; সাধারণত চোখ দুটি মাথার ভেতরে ওপরের দিকে তাক করা থাকে, যা সমুদ্রের অন্ধকার পরিবেশে শিকার শনাক্ত করতে সাহায্য করে। শিকার ধরতে হলে চোখ দুটি স্বচ্ছ আবরণের নিচে ঘুরে সামনের দিকে চলে আসে। গবেষকদের মতে, মাথার ওপরের এই স্বচ্ছ ও জেলাটিনাস আবরণটি চোখকে সুরক্ষাও দেয়। বিশেষ করে গভীর সমুদ্রের সিফোনোফোর নামক দংশনকারী প্রাণীর স্পর্শ থেকে এটি মাছের চোখকে রক্ষা করে।
এমবিএআরআইয়ের জ্যেষ্ঠ বিজ্ঞানী স্টিভেন হ্যাডক জানান, ব্যারেলআই মাছের দেখা পাওয়া অত্যন্ত বিরল একটি ঘটনা। প্রতিষ্ঠানটির ৪০ বছরের সমুদ্র অনুসন্ধানের ইতিহাসে এটি মাত্র ১১তম বারের মতো মাছটির পর্যবেক্ষণ। প্রায় সাত হাজারবার ডুবোযান পাঠিয়ে ৪১ হাজার ঘণ্টার বেশি ভিডিও ধারণের ইতিহাসে এটি ৪কে মানের প্রথম ভিডিও এবং ডেভিড প্যাকার্ড জাহাজ থেকে প্রথমবার মাছটি দেখার ঘটনা। গবেষকেরা মাছটিকে সমুদ্র থেকে সংগ্রহ করেননি, তবে তাদের ধারণ করা এই ভিডিও ভবিষ্যতে মাছটির দৃষ্টিশক্তি, খাদ্যাভ্যাস ও গভীর সমুদ্রের পরিবেশে অভিযোজন নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :