
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে অবৈধ মালামালসহ সাতজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় ৬৭ ভরি স্বর্ণালংকার, ১০টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ এবং তিন কার্টন সিগারেট। এপিবিএনের সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— তোফাজ্জল হোসেন (৩৭), জসিম উদ্দিন (৩৯), আরাফাত হোসাইন (২৮), আরিফ (৪২), মো. আলামিন গাজী (৩৭), রূপবান বেগম (৩৯) ও এমএ মতিন (৩০)।
এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গোলচত্বরের উত্তর পাশে অভিযান চালিয়ে তোফাজ্জল, জসিম, আরাফাত, আরিফ ও আলামিনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪৮৪ দশমিক ২ গ্রাম স্বর্ণালংকার, দুটি ল্যাপটপ, আটটি মোবাইল ফোন এবং ৩ কার্টন সিগারেট জব্দ করা হয়। পরবর্তীতে আগমনী দুই নম্বর ক্যানোপি এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার সময় রূপবান বেগমকে আটক করা হয়। তার কাছে ৯৮ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার ও একটি মোবাইল পাওয়া যায়। এছাড়া বিমানবন্দরের গোলচত্বরের পশ্চিম পাশে পৃথক অভিযানে এমএ মতিনকে আটক করা হয়, যার শরীর তল্লাশি করে ১৯৮ দশমিক ৪ গ্রাম স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, বিদেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণালংকার চোরাচালানের উদ্দেশ্যে আনা হয়েছিল এবং তারা এই চক্রের ‘রিসিভার’ হিসেবে কাজ করছিলেন। এই ঘটনায় বিমানবন্দর থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :