Facebook Twitter Instagram YouTube

হুতিদের দমনে ১ লাখ সেনা নিয়ে বড় অভিযানের প্রস্তুতি সৌদির


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ণ / ০
হুতিদের দমনে ১ লাখ সেনা নিয়ে বড় অভিযানের প্রস্তুতি সৌদির

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কোণঠাসা করতে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে সৌদি আরব। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইয়েমেনি বাহিনীর প্রায় এক লাখ সেনা নিয়ে এই স্থল অভিযান শুরু হতে পারে, যেখানে বিমান হামলা চালিয়ে সহায়তা দেবে রিয়াদ। এই অভিযানে যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও তুরস্কসহ বেশ কয়েকটি মিত্র দেশ সৌদিকে গোয়েন্দা তথ্য ও সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত নতুন রূপ নিয়েছে। ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবারের আগের ২৪ ঘণ্টায় হুতিদের ওপর ৪৭৪টি বিমান হামলা চালানো হয়েছে। এতে ১ হাজার ৫৪০ জন হুতি যোদ্ধা হতাহত হয়েছেন এবং ধ্বংস করা হয়েছে ২১৬টি সামরিক যান। এরপর শনিবারও দেশটির তাইজ অঞ্চলে হুতিদের লক্ষ্য করে আরও ৭১টি হামলা চালানো হয়।

এই সংঘাতের রেশ ধরে সৌদি আরবের অভ্যন্তরেও হামলার ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আহাদ রাফিদাহ এলাকায় হুতিদের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রিয়াদ। এছাড়া নাজরান শহরের একটি স্কুলেও হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তবে এতে কোনো হতাহতের খবর নিশ্চিত করা হয়নি।

পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, প্রস্তাবিত এই বড় অভিযানের মূল লক্ষ্য হলো গত মাসে লোহিত সাগরের উপকূলজুড়ে হুতিদের দখল করা অঞ্চলগুলো পুনরুদ্ধার করা। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করতে এই অভিযান চালানো হবে। এছাড়া আল-বায়দা, মারিব, তাইজ ও আল-জাওফ অঞ্চলেও বড় ধরনের হামলার পরিকল্পনা রয়েছে। ইয়েমেনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল র‍্যাটনি জানিয়েছেন, ২০১৫ থেকে ২০২২ সালের সংঘাতের মতো এবারের অভিযান অত ব্যাপক নাও হতে পারে; এর মূল লক্ষ্য থাকবে বাব আল-মানদেব প্রণালির নৌপথ মুক্ত রাখা।

এই অভিযানে রিয়াদকে গোয়েন্দা তথ্য দিয়ে সরাসরি সহায়তা করছে ওয়াশিংটন। এছাড়া সৌদি আরব ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান ইতিমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও গোলাবারুদ বোঝাই চারটি কার্গো বিমান পাঠিয়েছে ইয়েমেনের এডেন বন্দরে। পাশাপাশি সৌদির স্থলসীমান্ত রক্ষায় প্রায় ৩০ থেকে ৪০ হাজার পাকিস্তানি সেনা মোতায়েন করা হয়েছে, তবে তারা ইয়েমেনের ভেতরে প্রবেশ করবে না। একই সঙ্গে ফ্রান্স সৌদির গুরুত্বপূর্ণ ইয়ানবু বন্দর রক্ষায় সেনা ও প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে এবং সৌদি বাহিনী হুতিদের বিরুদ্ধে তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করছে।

দীর্ঘস্থায়ী এই যুদ্ধের কারণে ইয়েমেনের সাধারণ মানুষ চরম খাদ্য সংকটে পড়েছেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, ইয়েমেনের প্রতি চার পরিবারের তিনটিই এখন ক্ষুধার্ত এবং সরকারি নিয়ন্ত্রণাধীন এলাকার প্রায় ৭৪ শতাংশ পরিবার মৌলিক খাবার সংগ্রহ করতে পারছে না। এদিকে সৌদি রাজনৈতিক বিশ্লেষক আলী শিহাবির মতে, মিত্রদের সাহায্য থাকলেও এই অভিযানের সাফল্য মূলত নির্ভর করবে ইয়েমেনের স্থলবাহিনীর আক্রমণাত্মক সক্ষমতা ও দক্ষতার ওপর।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo