
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় টানা প্রায় ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে সফলভাবে বিদ্যুৎ সরবরাহ সম্পন্ন হয়েছে। পরীক্ষা-নিরীক্ষামূলক এই সরবরাহের মাধ্যমে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হয় আনুমানিক সাত কোটি ৬ লাখ টাকা মূল্যের বিদ্যুৎ। নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) সূত্রের তথ্য অনুযায়ী, নির্ধারিত পরীক্ষা সম্পন্ন হওয়ায় ইউনিটটিকে আপাতত গ্রিড থেকে বিচ্ছিন্ন করে সংগৃহীত বিভিন্ন কারিগরি তথ্য ও পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে।
জাতীয় সঞ্চালন লাইনের সূত্রগুলো জানায়, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে প্রথম ইউনিটটি থেকে ধারাবাহিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। সেসময় গড়ে প্রায় ৩২০ মেগাওয়াট হারে বিদ্যুৎ জাতীয় গ্রিডে পাঠানো হচ্ছিল। প্রাথমিকভাবে ১০ থেকে ২৪ ঘণ্টার জন্য পরীক্ষামূলক সরবরাহের পরিকল্পনা থাকলেও কারিগরি স্থিতিশীলতার কারণে টানা প্রায় ৩০ ঘণ্টা কার্যক্রম অব্যাহত রাখা হয়। পরবর্তীতে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করা হয়।
সফলভাবে বিদ্যুৎ সরবরাহের পর বর্তমানে প্ল্যান্টের বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা সূক্ষ্মভাবে পরীক্ষা করা হচ্ছে। এসব বিশ্লেষণের ওপর ভিত্তি করেই পরবর্তী পরিচালন পদক্ষেপ নির্ধারণ করা হবে। এই অর্জনকে এনপিসিবিএলের পরিচালনা সক্ষমতা, দেশীয় প্রকৌশলী ও অপারেটরদের অভিজ্ঞতা এবং রাশিয়ান বিশেষজ্ঞদের যৌথ প্রয়াসের ফসল বলে বর্ণনা করেছেন এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান। তিনি উল্লেখ করেন, গ্রিডে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাতে পারা প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন, এই সাফল্য দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করেছে। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। দুটি ইউনিটই পূর্ণমাত্রায় চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বহুমুখীকরণ ঘটবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা অনেক কমবে এবং দীর্ঘমেয়াদে জাতীয় জ্বালানি নিরাপত্তা সুসংহত হবে।
আপনার মতামত লিখুন :