Facebook Twitter Instagram YouTube

ভরিতে ১৫৭৫ টাকা বেড়ে স্বর্ণের নতুন দাম ১৯৯৬৮৮ টাকা


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ / ০
ভরিতে ১৫৭৫ টাকা বেড়ে স্বর্ণের নতুন দাম ১৯৯৬৮৮ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় সংগঠনটি। নতুন এ দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং বুধবারও এই দামেই স্বর্ণ বিক্রি হবে।

বাজুস সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ স্বর্ণের এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যসূচি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকায় বিক্রি হবে। তবে গয়না কেনার ক্ষেত্রে নির্ধারিত এই মূল্যের সঙ্গে অলংকারের তৈরি মজুরি যোগ করতে হবে। বাজুসের তথ্য অনুযায়ী, এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম নিয়ে বেশ ওঠানামা দেখা গেছে। বাজুসের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে সর্বমোট ১৪৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৭ দফায় দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফায় কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh