
তৈরি পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ বৈঠকের পর মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিম্নতম মজুরি বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে। তবে এই নতুন মজুরি কাঠামো ঘোষণার পর পোশাকশ্রমিকদের মধ্যে মতভেদ ও উত্তেজনা দেখা দিয়েছে।
বুধবার সকালে গাজীপুরের বিভিন্ন কারখানায় ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। যেসব শ্রমিক নতুন এই মজুরি কাঠামো মেনে নিয়েছেন, তারা নতুন উদ্যোমে কাজে যোগ দিচ্ছেন। এ বিষয়ে শ্রমিকরা জানিয়েছেন, মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে তারা খুশি এবং এখন তারা আর কোনো আন্দোলন-সংগ্রাম না করে নিরাপদ পরিবেশে উৎপাদন কার্যক্রমে ফিরতে চান। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার কর্মকর্তারা জানিয়েছেন, মালিকপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা নতুন মজুরি কাঠামো ঘোষণার নোটিশ কারখানায় টানিয়ে দিয়েছেন এবং ডিসেম্বর মাস থেকেই এটি কার্যকর করা হবে।
অন্যদিকে, নগরীর নাওজোর ও ইটাহাটা এলাকাসহ আশপাশের অনেক কারখানার শ্রমিকেরা নতুন এই মজুরি কাঠামো মেনে নিতে পারছেন না। অনেক শ্রমিকই মালিকপক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা পাননি বলে অভিযোগ করেছেন। এমন পরিস্থিতিতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে ওই এলাকাগুলোর অন্তত ১০টি কারখানায় বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, এসআরবি ও পুলিশসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করছেন।
আপনার মতামত লিখুন :