Facebook Twitter Instagram YouTube

পাঁচ দেশের কোম্পানি পেল ঢাকার দুই মেট্রোরেল নির্মাণ কাজ


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ / ০
পাঁচ দেশের কোম্পানি পেল ঢাকার দুই মেট্রোরেল নির্মাণ কাজ

ঢাকার মেট্রোরেলের দুটি লাইনের মোট আটটি প্যাকেজের নির্মাণকাজ পেয়েছে বাংলাদেশ, চীন, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান। এসব কাজের জন্য প্রায় ৫৮ হাজার ৪৭৮ কোটি টাকার চুক্তি হয়েছে। এর মধ্যে এমআরটি লাইন-১ (প্রথম সংশোধিত) প্রকল্পের ছয়টি প্যাকেজের মূল্য ৫৩ হাজার ৯৫৯ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫ (উত্তরা রুট, প্রথম সংশোধিত) প্রকল্পের দুটি প্যাকেজের মূল্য ৪ হাজার ৫১৮ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মেট্রোরেলের এসব প্যাকেজের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বৈঠকে সভাপতিত্ব করেন।

অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মেট্রোরেলের উল্লিখিত প্রস্তাবগুলো উপস্থাপন করে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ অর্থায়নে এই দুটি প্রকল্প বাস্তবায়ন করছে।

মেট্রোরেলের বিভিন্ন প্যাকেজে যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠানও যুক্ত রয়েছে। ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড মোট তিনটি প্যাকেজে অংশীদার হিসেবে কাজ করবে। এর মধ্যে একটি জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে এবং দুটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এই বাংলাদেশি প্রতিষ্ঠান যুক্ত আছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din