
খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকায় একটি বিপন্ন ও দুর্লভ প্রজাতির হিমালয়ান গন্ধগোকুল পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার প্রাণীটিকে হত্যার পর এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বন বিভাগের নজরে আসে।
ঘটনার পর আজ রোববার সকালে বীজিতলা রেঞ্জের বন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন জানান, তাঁরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছেন এবং এই নৃশংসতার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত শিকারের সঙ্গে যুক্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয়দের সচেতন করার ওপর জোর দেওয়া হয়েছে।
বন্য প্রাণী গবেষকদের তথ্যমতে, হিমালয়ান সিভিট বা গন্ধগোকুল একটি নিশাচর ও লাজুক প্রকৃতির প্রাণী। হিমালয়ী বাঘডাশ, খাটাশ বা মুখোশধারী গন্ধগোকুল নামে পরিচিত এই প্রাণীটি ভুটান, নেপাল, ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের চিরসবুজ বনে বাস করে। মূলত গাছের ডালে অবস্থান করে ফলমূল, ইঁদুর ও পাখি শিকার করে বেঁচে থাকা এই প্রাণীটি বনের বাস্তুসংস্থান ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হিমালয়ান গন্ধগোকুল একটি বিরল ও দুর্লভ প্রজাতি। বাংলাদেশের বন্য প্রাণী আইন অনুযায়ী এটি একটি সংরক্ষিত প্রাণী। এর হত্যা বা শিকার আইনত দণ্ডনীয় অপরাধ।
আপনার মতামত লিখুন :