Facebook Twitter Instagram YouTube

গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে বিকশিত হয়: রাষ্ট্রপতি


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ / ০
গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে বিকশিত হয়: রাষ্ট্রপতি

গণতন্ত্র কোনো একদিনে প্রতিষ্ঠিত হয় না; এটি একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মধ্য দিয়ে ধাপে ধাপে বিকশিত হয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো প্রতিপক্ষ ও বিরোধী দলের জন্য পর্যাপ্ত রাজনৈতিক পরিসর নিশ্চিত করা। গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে কার্যকরভাবে চলার সুযোগ দিতে হবে। এছাড়া গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর রাখতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

রোববার (৪ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠের পাশাপাশি রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে অভিহিত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করে এটিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। সাক্ষাতের এক পর্যায়ে উপাচার্য আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আচার্য হিসেবে রাষ্ট্রপতির উপস্থিতির জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh