Facebook Twitter Instagram YouTube

আক্তারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর নির্দেশ


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ / ০
আক্তারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর নির্দেশ

জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের জামিন শুনানির সময় আদালতে বিএনপিপন্থি ও জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে এই নজিরবিহীন হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিচারক সাময়িকভাবে এজলাস ছেড়ে চলে যান।

আদালত সূত্রে জানা যায়, হট্টগোলের মধ্যে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী উভয় পক্ষকে শান্ত হওয়ার অনুরোধ জানান। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি আখতারুজ্জামান নিজেও দুই হাত জোড় করে আইনজীবীদের শান্ত হতে বলেন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে বিচারক পুনরায় এজলাসে বসেন এবং শুনানি শুরু হয়।

শুনানিকালে অসুস্থতার কথা উল্লেখ করে আখতারুজ্জামান ভাঙা গলায় বলেন, 'আমি অসুস্থ। আমার পক্ষে ১০ জন আইনজীবীকে শুনানি করার অনুমতি দিন।' আসামিপক্ষের আইনজীবীরা তার শারীরিক অবস্থা বিবেচনা করে জামিনের আবেদন জানান। তবে রাষ্ট্রপক্ষ জামিনের তীব্র বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর জোরালো আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানির সময় আসামিপক্ষে জামায়াতপন্থি আইনজীবী আব্দুর রাজ্জাকসহ ৩০ জনের বেশি এবং বিএনপিপন্থি ৪০ জনেরও বেশি আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, একদিনের রিমান্ড শেষে আখতারুজ্জামানকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় এবং তার অনুপস্থিতিতেই শুনানি অনুষ্ঠিত হয়। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম তাকে রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। গত শনিবার তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সেদিন আদালতে তোলার আগে ক্ষোভ প্রকাশ করে নিজের মাথার হেলমেট ছুড়ে ফেলে দিয়ে আখতারুজ্জামান বলেছিলেন, 'সরকারের অবৈধ অর্ডার মানি না।' এ সময় পুলিশ সদস্যদের প্রতিও তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

উল্লেখ্য, বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের হুমকি, বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং হেনস্তার অভিযোগে গত শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গত ১লা অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলি সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা পরবর্তীতে হুমকি-ধামকির রূপ নিলে এই মামলা দায়ের করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin