
ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং লিবিয়ায় জিম্মি করে নির্যাতনের ঘটনায় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার বিকেলে রাজধানীর বিমানবন্দর থানার আশকোনা হজ ক্যাম্পের সিভিল এভিয়েশন ওয়েলফেয়ার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আতিকুর রহমান টমাস (৩২) ও মো. বদিউল আলম ভূঁইয়া ওরফে বেলাল (৫৪)।
সিআইডি জানায়, ভুক্তভোগী যুবক নোয়াখালীর সেনবাগের বাসিন্দা এবং তিন বছর সৌদি আরবে কর্মরত ছিলেন। দেশে ফেরার পথে বিমানে এক সহযাত্রীর মাধ্যমে তিনি মানব পাচার চক্রের সদস্যদের সঙ্গে পরিচিত হন। চক্রটি তাকে লিবিয়া হয়ে নিরাপদে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ১২ লাখ টাকার চুক্তি করে। গত ৫ এপ্রিল আশকোনার একটি অফিসে পাসপোর্ট জমা দিয়ে তিনি অগ্রিম ১ লাখ ৩০ হাজার টাকা প্রদান করেন।
পরিকল্পনা অনুযায়ী, ৭ এপ্রিল তাকে প্রথমে ভারতের নয়াদিল্লি এবং এরপর শ্রীলঙ্কার কলম্বোতে পাঠানো হয়। সেখানে ১৬ দিন রাখার পর পরিবারের কাছ থেকে বিভিন্ন অজুহাতে আরও টাকা আদায় করা হয়। এরপর তাকে শারজাহ হয়ে মিসরের কায়রোতে নিয়ে যাওয়া হয়। কায়রো বিমানবন্দর থেকে চক্রের সদস্যরা তাকে একটি বাসায় পাঁচ দিন আটকে রাখে এবং চুক্তির দোহাই দিয়ে আরও ছয় হাজার মার্কিন ডলার দাবি করে। এভাবে ব্যাংক হিসাব, বিকাশ ও নগদ মিলিয়ে মোট ১২ লাখ ৬৭ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।
এরপর তাকে গাড়িতে করে মরুভূমি ও পাহাড়ি সীমান্ত পেরিয়ে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি কথিত ‘গেম রুমে’ আটকে রেখে তার ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে লিবিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে কারাগারে পাঠায়। সেখানেও তাকে মুক্ত করার কথা বলে চক্রটি পরিবারের কাছে আরও ছয় লাখ টাকা দাবি করে। অবশেষে ৭ জুলাই লিবিয়া পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। দেশে ফেরার পর ৫ অক্টোবর তিনি বিমানবন্দর থানায় মামলা করেন। সিআইডি এই মামলার তদন্তভার পেয়ে তথ্য-উপাত্ত যাচাই ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করে। বর্তমানে তাদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :