
রাজধানীর ডেমরা রোডের ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার মৃধাবাড়ী থেকে শুরু করে কাজলা হয়ে কুতুবখালী পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ ভাঙারি দোকান, অননুমোদিত গাড়ি পার্কিং এবং পরিবেশদূষণকারী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযান চলাকালে ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও রাস্তার জায়গা দখলকারী যানবাহন সরিয়ে দেওয়া হয়। এছাড়া রাস্তার পাশে পুরনো গাড়ি কেটে বিক্রি করার মতো পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সক্রিয় সহায়তা প্রদান করেন। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ নবিউল্লাহ নবী, যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক শ্যামল এবং আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস হোসেন রনিসহ যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে হকারদের সঙ্গে স্থানীয় রাজনৈতিক কর্মীদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ কয়েকজনকে আটক করলেও, পরবর্তীতে রাজনৈতিক নেতাদের অনুরোধে তাদের ছেড়ে দেওয়া হয়।
অভিযান শেষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ নবিউল্লাহ নবী জানান, জনসাধারণের চলাচলের পথ দখল করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও পরিবেশ দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় সিটি করপোরেশনকে তারা সব ধরনের সহযোগিতা করবেন। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এই অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত শৃঙ্খলা বজায় রাখার দাবি জানিয়েছেন।
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১৯: ০৬আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৯: ১০
আপনার মতামত লিখুন :