Facebook Twitter Instagram YouTube

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করব: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ / ০
জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করব: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত হয়েছিল, ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি বিভিন্ন পক্ষের বক্তব্য শুনছে। সরকার এই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে আগেও একাধিকবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। তিনি আরও বলেন, নোট অব ডিসেন্টকে আলাদাভাবে বেঁধে রেখে সনদ বাস্তবায়নের কোনো অবস্থানে তারা নেই। যদিও সেখানে পূর্ণ ঐকমত্য ছিল না, তবুও জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই সবাই সনদে স্বাক্ষর করেছেন এবং জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে এটি সম্পন্ন হয়েছে। তাই যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই এটি কার্যকর করা হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নেই সংবিধান সংশোধনের কাজ সীমাবদ্ধ থাকবে না। সংবিধান সংশোধনের ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার, জনগণের প্রস্তাব এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে পাওয়া মতামত বিবেচনায় নেওয়া হবে। এসব প্রস্তাব পর্যালোচনার পর একটি প্রতিবেদন তৈরি করে সংসদে বিল উপস্থাপনের জন্য দেওয়া হবে।

এদিকে কমিটির ষষ্ঠ বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। সভায় শহীদদের মা-বাবা, ভাই এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি মিলিয়ে মোট ৬৩ জন অংশ নেন। মতবিনিময়কালে ভুক্তভোগী পরিবারের সদস্যরা গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষার দাবি জানান। তারা জুলাই ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত জায়গায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষায় ইতিমধ্যে আইন করা হয়েছে এবং তাদের সাংবিধানিক সুরক্ষার বিষয়টিও সংবিধানের নির্দিষ্ট জায়গায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে জড়িতদের বিচার দ্রুত শেষ করার দাবিও উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার ত্বরান্বিত করতে সরকার আন্তরিক।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin