Facebook Twitter Instagram YouTube

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তীব্র নিন্দা


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ণ / ০
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তীব্র নিন্দা

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা পরানোর ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভাস্কর্যের মাথার অংশে রশি দিয়ে ঝোলানো জুতার মালার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সাদা রঙের ওই ভাস্কর্যের মাথায় ডান পাশে দুটি এবং বাম পাশে তিনটি জুতা বা স্যান্ডেলের মালা ঝোলানো রয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে লোক পাঠিয়ে ভাস্কর্য থেকে জুতার মালাটি অপসারণ করা হয়। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত বা কারা এই অবমাননা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ফেসবুকের মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে এসেছে এবং এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে জেলা প্রশাসক মো. নোমান হোসেন পুলিশকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে এ ধরনের অবমাননামূলক ঘটনায় জেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামালুজ্জামান জানান, সোশ্যাল মিডিয়ায় ছবিটি দেখার পর তিনি লোক নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভাস্কর্যে জুতার মালা দেখতে পান এবং পরে তা অপসারণ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh