Facebook Twitter Instagram YouTube

জামালপুরের দেওয়ানগঞ্জে পানিফল চাষে ভাগ্য বদলাচ্ছেন স্থানীয় কৃষকরা


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ণ / ০
জামালপুরের দেওয়ানগঞ্জে পানিফল চাষে ভাগ্য বদলাচ্ছেন স্থানীয় কৃষকরা

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বিস্তীর্ণ নিচু ও জলাবদ্ধ জমি, যা আগে দীর্ঘদিন পানির নিচে নিমজ্জিত থাকায় অব্যবহৃত পড়ে থাকত, এখন তা পানিফল চাষের মাধ্যমে আয়ের উৎসে পরিণত হয়েছে। স্থানীয় কৃষকরা এই পতিত জমিতে পানিফল চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। কম খরচে ভালো ফলন পাওয়ায় কৃষকদের মাঝে এ চাষের প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষিবিদদের মতে, দেওয়ানগঞ্জের জলাবদ্ধ জমিতে পানিফল চাষ একটি অত্যন্ত সম্ভাবনাময় কৃষি উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

পানিফল স্থানীয়ভাবে ‘শিঙাড়া’ নামে পরিচিত। দেখতে অনেকটা দোকানের ভাজা শিঙাড়ার মতো হওয়ায় এর এই নামকরণ। গাঢ় সবুজ ও খয়েরি রঙের এই ফলের খোসা ছাড়িয়ে ভেতরের দুধের মতো সাদা শাঁস খাওয়া যায়, যা বেশ সুস্বাদু, কোমল এবং শীতল। সাধারণ মানুষ এই ফল সিদ্ধ করে সকালের নাস্তা হিসেবে গ্রহণ করেন। এছাড়া পাকা পানিফল সবজি হিসেবেও ব্যবহৃত হয়। আবার রোদে শুকিয়ে ঢেঁকি বা মেশিনে আটা তৈরি করে তা দিয়ে রুটিসহ নানা ধরনের খাবারও প্রস্তুত করা হচ্ছে। কৃষিবিদরা আশা প্রকাশ করছেন, উৎপাদিত এই ফল প্রক্রিয়াজাত করে ভবিষ্যতে গ্লুকোজ তৈরি করা সম্ভব হবে।

কার্তিক ও অগ্রহায়ণ মাসে কৃষকদের হাতে নগদ অর্থের সংকট থাকে। এ সময় পানিফল বিক্রি করে পাওয়া নগদ অর্থ কৃষকদের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনছে। কৃষক জামাল উদ্দিন জানান, আগে এই জমিগুলো অব্যবহৃত পড়ে থাকত, কিন্তু এখন পানিফল চাষ করে খরচ বাদেও ভালো লাভ পাওয়া যাচ্ছে। বাজারের দাম সন্তোষজনক থাকলে এই চাষের মাধ্যমেই সংসার চালানো সম্ভব।

পানিফল চাষ ও সংগ্রহের প্রক্রিয়াটি স্থানীয়ভাবে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করেছে। অনেক শ্রমিক এখন পানিতে নেমে ফল সংগ্রহ, বাছাই এবং পরিবহণ কাজে যুক্ত রয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া জানান, দীর্ঘ সময় জলমগ্ন থাকা জমিগুলোতে পানিফল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষি অফিস থেকে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি নিয়মিত প্রযুক্তিগত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। কৃষকদের দাবি, উন্নত জাতের চারা সরবরাহ, সহজ শর্তে ঋণ সুবিধা এবং উৎপাদিত ফলের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এই চাষ আরও সম্প্রসারিত হবে এবং গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh