
গাজীপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ—এই তিন জেলার সীমান্তবর্তী নদী ও বিলবেষ্টিত দুর্গম এলাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিশাল সন্ত্রাসী ও মাদক কারবারিদের অভয়ারণ্য। স্থানীয় থানাগুলো থেকে ভৌগোলিক দূরত্বের সুযোগ নিয়ে এই চক্রটি সাধারণ মানুষকে জিম্মি করে নিজেদের রাজত্ব কায়েম করেছে।
অনুসন্ধানে জানা গেছে, শ্রীপুরের বরমী ইউনিয়নের চিহ্নিত অপরাধী সুমন এবং তার চার ভাইয়ের নেতৃত্বে প্রায় ৫০টি স্পটে অবাধে মাদক ব্যবসা চলছে। এই চক্রের শক্তিশালী নেটওয়ার্ক শ্রীপুর, কাপাসিয়া, গফরগাঁও, পাগলা ও হোসেনপুর থানার বিস্তীর্ণ সীমান্ত এলাকা জুড়ে বিস্তৃত। তারা নিজেদের গোপন আস্তানায় টার্গেট করা ব্যক্তিদের ধরে নিয়ে নিজেদের তৈরি আইনে বিচার বসায়। এই তথাকথিত বিচারে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে ব্যর্থ হলে চলে শারীরিক নির্যাতন, এমনকি নারীদের তুলে নেওয়ার হুমকির মতো অমানবিক কর্মকাণ্ডও চালানো হয়। এর ফলে প্রায় ৫০ জন এলাকাবাসী তাদের ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন। সম্প্রতি এক দিনমজুরের বাড়িতে ভাঙচুর ও চালককে তুলে নিয়ে নির্যাতনের ঘটনাও ঘটেছে। এছাড়া বরমী বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত নীরব চাঁদা আদায় করছে সুমন বাহিনী।
এর আগে পুলিশ সুমনের পাঁচটি টর্চারসেল গুঁড়িয়ে দিয়ে অস্ত্র ও এ্যারগান উদ্ধার করেছিল। তবে সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে সুমন আবারও তার অপরাধ সাম্রাজ্য বিস্তৃত করছে। বিষয়টি নিয়ে গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম এবং শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানিয়েছেন, সুমনের জামিনে মুক্তির পর তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে যৌথ অভিযানের মাধ্যমে এ বাহিনীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :