
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে ‘মব’ সৃষ্টি করে জোরপূর্বক পদত্যাগপত্রে সই নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) ও সেকশন অফিসার (অর্থ) মো. নাজমুল হোসাইন বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে এই মামলাটি করেন।
বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের ভিডিও ও ছবি বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় ইতোমধ্যে আব্দুস সালাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি রাজশাহী মহানগরের রাজপাড়া থানা বিএনপির স্থগিত কমিটির সহ-সভাপতি ছিলেন। তদন্তের ভিত্তিতে জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হবে বলে তিনি উল্লেখ করেন।
মামলার বাদী মো. নাজমুল হোসাইন বলেন, মঙ্গলবার মঙ্গলবারের ঘটনার প্রেক্ষিতে রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সবাই আতঙ্কিত।
এর আগে মঙ্গলবার দুপুরে ‘আপামর ছাত্র-জনতা’ পরিচয়ে একদল ব্যক্তি মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। তারা উপাচার্য ও সেকশন অফিসারকে আওয়ামী লীগের ‘দোসর’ অ্যাখ্যা দেয় এবং বিশ্ববিদ্যালয়ের কাজ ঢাকার ঠিকাদারদের দেওয়ার অভিযোগ তোলে। এ সময় তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং আগে থেকে লিখে আনা পদত্যাগপত্রে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। স্বাক্ষর নেওয়ার পর তাদের কক্ষ থেকে বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ঘটনার সময় উপাচার্যের কক্ষ থেকে কম্পিউটারের সিপিইউ এবং সিসিটিভি ফুটেজের যন্ত্রপাতি খুলে নেওয়া হয় এবং পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ঘটনার পর বিকেলে মেডিকেল বিশ্ববিদ্যালয় রেস্ট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য ডা. জাওয়াদুল হক জানান, মিটিং চলাকালে ২০ থেকে ২৫ জনের একটি দল পিয়নদের ধাক্কা দিয়ে তার দপ্তরে প্রবেশ করে। তারা তাকে কঠোর ভাষায় চেয়ার থেকে উঠে আসতে বলে এবং পদত্যাগপত্রে সই করতে বাধ্য করে। তিনি আরও জানান, সই না করলে খারাপ আচরণের আশঙ্কা ছিল। এছাড়া হামলাকারীরা তার মোবাইল ফোন কেড়ে নেয় এবং তাকে গালাগাল করে।
আপনার মতামত লিখুন :