Facebook Twitter Instagram YouTube

সিরাজগঞ্জে অডিট চলাকালে ব্যাংক ব্যবস্থাপকের মৃত্যু, তিন কর্মকর্তা হেফাজতে


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ / ০
সিরাজগঞ্জে অডিট চলাকালে ব্যাংক ব্যবস্থাপকের মৃত্যু, তিন কর্মকর্তা হেফাজতে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী গ্রামীণ ব্যাংক শাখায় অডিট চলাকালীন শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালাম (৫০) মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ব্যাংক প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, তিনি অতিরিক্ত মাত্রায় ‘গ্যাস ট্যাবলেট’ সেবন করেছিলেন।

নিহত আব্দুস সালামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিমগাছী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সহকর্মীদের ভাষ্যমতে, অডিট কার্যক্রম চলাকালে আব্দুস সালামকে মানসিকভাবে বেশ হতাশাগ্রস্ত মনে হচ্ছিল।

ঘটনার পর ব্যাংকের কর্মী ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা অডিট কমিটির সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অডিট কমিটির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, পুলিশ অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে এসেছে। তবে অডিটের চাপে তিনি আত্মহত্যা করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy