Facebook Twitter Instagram YouTube

ভারতের সাথে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ / ০
ভারতের সাথে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম

ভারতের সাথে কোনো ধরনের শত্রুতা বা বৈরিতা বাংলাদেশ প্রত্যাশা করে না, তবে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। বুধবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দুই দেশের অভিন্ন নদীগুলোর পানি বন্টন নিয়ে আন্তর্জাতিক নদী আইন থাকা সত্ত্বেও গত ৫০ বছরে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পায়নি। তিনি অভিযোগ করেন, ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে গঙ্গার পানি নিয়ন্ত্রণ করছে এবং এই ফারাক্কা ব্যারাজ বাংলাদেশের জনগণের শোষণের একটি হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।

চলতি বছরের ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এখন সময় এসেছে আবরার ফাহাদের চাওয়া বাস্তবায়নের। ভারত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক ও ভালো প্রতিবেশী হিসেবে থাকার যে আগ্রহ প্রকাশ করেছে, তা নতুন গঙ্গা পানি বন্টন চুক্তির মাধ্যমেই প্রমাণ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, শুধু চুক্তি নবায়ন নয়, বরং নতুন করে পানি বন্টন চুক্তি স্বাক্ষর করতে হবে।

আবরার ফাহাদকে জাতীয় মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বার্থে এবং নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আবরার ফাহাদ লেখালেখি করেছিলেন। তিনি বলেন, 'আওয়ামী লীগ যে ভারতের এক্সটেনশন এবং তাদের কারণেই তারা ক্ষমতায় ছিল, তা আবরার হত্যার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছিল। কারণ আবরার হাসিনা কিংবা ছাত্রলীগের বিরুদ্ধে কিছু লেখেনি, সে লিখেছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আর এজন্যই তাকে নির্মমভাবে হত্যা করা হয়।' তিনি আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক রায় কার্যকর না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন।

স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত এবং আবরার ফাহাদ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy