Facebook Twitter Instagram YouTube

সেনবাগে অভিমান করে বাড়ি ছাড়া যুবকের লাশ উদ্ধার


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ণ / ০
সেনবাগে অভিমান করে বাড়ি ছাড়া যুবকের লাশ উদ্ধার

নোয়াখালীর সেনবাগে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার একদিন পর মো. মারুফ (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশের একটি পুকুরপাড়ে এই ঘটনা ঘটে। নিহত মারুফ ওই এলাকার মো. রিপনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে মারুফ তার মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। এরপর কাপড়চোপড় একটি ট্রাভেল ব্যাগে ভরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার রাতে স্থানীয়রা বাড়ির পাশে ধানখেত সংলগ্ন পুকুরপাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ সময় নিহতের ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতা ঘটনাস্থলের পাশ থেকে পাওয়া যায়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, লাশটি পুকুরপাড় ও ধানখেতের মাঝামাঝি অবস্থায় ছিল। গামছার একটি অংশ পুকুরপাড়ে গাছের ডালের সাথে বাঁধা ছিল এবং অন্য অংশটি গলার সাথে প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ধারণায় এটি আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।

ওসি আরও জানান, গলায় থাকা গামছাটি পুরোনো হওয়ায় ছিঁড়ে গিয়ে লাশটি নিচে ধানখেতে পড়ে থাকতে পারে। এই ঘটনায় সেনবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh