Facebook Twitter Instagram YouTube

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা: নিহত ৩, আহত বাংলাদেশিসহ ৩৬


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ণ / ০
সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা: নিহত ৩, আহত বাংলাদেশিসহ ৩৬

সৌদি আরবের আবহা এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা মুহুর্মুহু হামলা চালিয়েছে। সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।

বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর আবহার আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় দুইজন নারী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এই নির্দিষ্ট স্থানে আরও ২৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে, দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় সুদানের একজন নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে সৌদি আরব, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষ রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাগুলো ৬ ও ৭ অক্টোবর চালানো হয়েছে। তবে কোন বিমানবন্দরে ঠিক কোন দিন হামলা হয়েছে, তা বিবৃতিতে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ হতাহতদের জাতীয়তা ও পরিচয় সম্পর্কে প্রাথমিক তথ্য দিলেও, হামলায় ব্যবহৃত অস্ত্র বা হামলার ধরন সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin