Facebook Twitter Instagram YouTube

জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ণ / ০
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক

শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। গতকাল বিকালে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এক অংশীজন সম্মিলন অনুষ্ঠানে এই অর্জনের ঘোষণা দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি প্রাপ্ত এই বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বিশেষ সম্মাননা হিসেবে প্রাপ্ত ক্রেস্ট ও সনদপত্র আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।

প্রশাসক আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নাগরিকদের সেবা প্রদান করছেন। শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এই পুরস্কার অর্জন একটি অনন্য স্বীকৃতি, যা তাদের কাজের গতি বাড়াতে উৎসাহিত করবে। ভবিষ্যতেও নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি ২০০৪ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সন্তানের পিতার নামের পাশাপাশি মায়ের নাম যুক্ত করার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন। এছাড়া ফুটপাত দখলমুক্ত করতে মহিলা কলেজ রোডে উচ্ছেদ অভিযান পরিচালনার কথাও উল্লেখ করেন তিনি।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এছাড়া কাউন্সিলরদের পক্ষে ২৫ ও ২৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক, নিবন্ধকের পক্ষে ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ হোসেন, ১৫ নম্বর ওয়ার্ড সচিব ওবাইদুর রহমান এবং ইপিআই স্টোরকিপার ফিরোজা বেগম রেখা বক্তব্য প্রদান করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy