
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। গত ২১ সেপ্টেম্বর থেকে এর নির্মাণ কার্যক্রম শুরু হয়। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন এই ব্রিজটি আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এমসি বাজার এলাকাটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় ঘেরা একটি জনবহুল স্থান। এখানে একাধিক মসজিদ, মাদ্রাসা, কিন্ডারগার্টেনসহ হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজে প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এছাড়া এলাকায় ১০ থেকে ১৫টি শিল্পকারখানা থাকায় সকাল থেকে রাত পর্যন্ত মহাসড়কে মানুষের ব্যাপক আনাগোনা থাকে। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। এই ঝুঁকি কমাতে তারা দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজের দাবি জানিয়ে আসছিলেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এমসি বাজার-শিশু পল্লী সড়ক ও হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ অভিমুখী সড়কের দক্ষিণ পাশে ব্রিজটির স্থান নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এমসি বাজারের হাজী হাসেন আলী মুন্সি মার্কেটের সামনে থেকে স্কুল রোডের দক্ষিণ পাশ পর্যন্ত নির্মাণকাজ এগিয়ে চলছে। নির্মাণকাজের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রাকিব হাওলাদার জানান, নির্ধারিত তিন মাসের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম ও জাকিয়া সুলতানা জুঁই জানান, আগে রাস্তা পার হতে ভয় কাজ করত, কিন্তু এখন ব্রিজটি নির্মাণ হওয়ায় তারা নিরাপদে যাতায়াত করতে পারবেন। এমএম ইউনাইটেড কিন্ডারগার্টেনের অভিভাবক সুমনও একই আশাবাদ ব্যক্ত করে বলেন, ব্রিজটি হলে তাদের দুশ্চিন্তা অনেকটাই কমবে।
হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ আবদুল হান্নান সজল বলেন, দীর্ঘদিনের দাবির পর কাজ শুরু হওয়ায় এলাকাবাসী আশাবাদী। গাজীপুর জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর আহমেদ জানান, শিশু পল্লী রোডের দক্ষিণ পাশে ব্রিজটির কাজ শুরু হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে তা শেষ হবে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এ এলাকার শিক্ষার্থী ও শ্রমিকসহ সাধারণ মানুষের উপকারে আসবে এই ব্রিজটি। নির্মাণকাজ দ্রুত শেষ করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হলে মহাসড়ক পারাপারের ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :