
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর আগারগাঁও, মিরপুর, শ্যামলী ও কল্যাণপুরসহ বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৭ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় এই সাময়িক ভোগান্তি থাকবে তার মধ্যে রয়েছে—আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর (কল্যাণপুর হতে মিরপুর-১ গামী সড়কের ডানপার্শ্ব), শ্যামলী, মিরপুর ৬০ ফিট এবং পীরের বাগ এলাকা। এই এলাকাগুলোর আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকরা এই সময়ে গ্যাস পাবেন না।
এছাড়া মেরামতের সময় আশপাশের অন্যান্য এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য সংস্থাটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
আপনার মতামত লিখুন :