Facebook Twitter Instagram YouTube

এল নিনোর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার প্রস্তুতি আইএমএফের


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ / ০
এল নিনোর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার প্রস্তুতি আইএমএফের

প্রাকৃতিক বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি ‘এল নিনো’র প্রভাবে ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিতে থাকা দেশগুলোর পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির ফলে সৃষ্ট এই জলবায়ু পরিস্থিতি সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পরপর আঘাত হানে এবং এর ফলে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের ধরনে বড় ধরনের পরিবর্তন আসে।

বুধবার সিঙ্গাপুরে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, চলতি বছরের এল নিনো আধুনিক সময়ের অন্যতম তীব্র পরিস্থিতি হতে পারে, যা জলবায়ু পরিবর্তনজনিত চরম আবহাওয়ার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। মধ্য আমেরিকার দেশগুলোতে ইতোমধ্যে খরা দেখা দিয়েছে এবং এশিয়ার দেশগুলোতে বর্ষা মৌসুমের বৃষ্টিপাতে বিঘ্ন ঘটেছে, যা কৃষি ও ফসল উৎপাদনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

জর্জিয়েভা বিশেষভাবে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও খাদ্যের দাম বৃদ্ধির কারণে সৃষ্ট মূল্যস্ফীতির চাপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে তাদের সীমিত আর্থিক সক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং কিছু দেশের ক্ষেত্রে বাইরের অর্থায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, বাইরের বড় ধরনের প্রতিকূলতার মুখে দুর্বল দেশগুলোকে সুরক্ষা দেওয়া আইএমএফের অন্যতম দায়িত্ব।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ‘দ্বৈত বাহ্যিক ধাক্কার’ ঝুঁকির কথা উল্লেখ করে বলেন, এল নিনোর পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কিছু দেশ এই ধাক্কা সামলাতে পারলেও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশ এবং লাওসের মতো দরিদ্র দেশগুলোর জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হতে পারে। এ ধরনের সংকট মোকাবিলায় তিনি সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এসব কথা বলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din