Facebook Twitter Instagram YouTube

চরফ্যাশনে জেলেদের খাদ্য সহায়তা তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ / ০
চরফ্যাশনে জেলেদের খাদ্য সহায়তা তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করার লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই ২২ দিন নদী ও সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকায় ভোলার চরফ্যাশন উপজেলার হাজারো জেলে চরম সংকটের মুখে পড়েছেন। নিষেধাজ্ঞার এই সময়ে সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়ার কথা থাকলেও, সেই সহায়তার তালিকা নিয়ে স্থানীয় জেলেদের মধ্যে ক্ষোভ ও নানা অভিযোগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী জেলেদের অভিযোগ, প্রকৃত জেলেদের বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মাছ ধরা বন্ধ থাকায় বর্তমানে তাদের আয়ের পথ সম্পূর্ণ বন্ধ। অনেক জেলে ধার-দেনা করে নৌকা ও জাল প্রস্তুত করে মাছ ধরতে নামেন, কিন্তু এখন কাজ না থাকায় পরিবার নিয়ে খাদ্যসংকটে দিনাতিপাত করছেন তারা।

মাদ্রাজ ইউনিয়নের সামরাজ এলাকার জেলেরা জানিয়েছেন, বছরের পর বছর নদীতে মাছ ধরলেও সরকারি সহায়তার তালিকায় তারা প্রায়ই জায়গা পান না। তারা দাবি জানিয়েছেন, মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে প্রকৃত জেলেদের তালিকা তৈরি করতে হবে এবং খাদ্য সহায়তার পরিমাণ বাড়াতে হবে। মেঘনা-২ বোটের জেলে জহির উদ্দিন বলেন, ৫ আগস্টের পর থেকে তিনি কোনো চাল, টাকা কিংবা সরকারি সহায়তা পাননি, ফলে সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন কাটছে। হোসেন বেপারি নামের আরেক জেলে জানান, দীর্ঘদিন নদীতে মাছ ধরলেও নিষেধাজ্ঞার সময়ে সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন তিনি। তার অভিযোগ, স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে প্রকৃত জেলেরা তালিকার বাইরে থাকছেন।

চরফ্যাশন উপজেলা মৎস্য কার্যালয়ের তথ্যমতে, উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪১ হাজার ২০০ জন। এর মধ্যে ৩৫ হাজার ৭৫৬ জন বরাদ্দের আওতায় রয়েছেন। জনপ্রতি ২৫ কেজি করে মোট ৮৯১ দশমিক ৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বরাদ্দের বাইরেও কয়েক হাজার নিবন্ধিত জেলে রয়ে গেছেন। তালিকায় নাম থাকা সত্ত্বেও যথাসময়ে চাল না পাওয়ার অভিযোগও রয়েছে জেলেদের পক্ষ থেকে।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম, কম দেওয়া বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। ট্যাগ অফিসারদের উপস্থিতিতে চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং কেউ চাল আত্মসাৎ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, প্রকৃত জেলেরা যাতে সহায়তা পান, তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে তালিকা যাচাই করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh