
দিনাজপুরের পার্বতীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন প্যাকেটজাত পণ্য বিক্রির দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে পার্বতীপুর শহরের শহিদ মিনার সড়কের শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বীরমুক্তিযোদ্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং পার্বতীপুর-ফুলবাড়ী বাইপাস সড়কের মামা-ভাগিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া তাজ বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
দিনাজপুর বিশুদ্ধ খাদ্য আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। নিরাপদ খাদ্য আইনে ভ্রাম্যমাণ আদালত ও সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী জানান, প্রতিষ্ঠানগুলোর ফ্রিজে পচা মিষ্টি ও দই সংরক্ষিত ছিল। এছাড়া অনেক প্যাকেটজাত খাদ্যে প্রয়োজনীয় লেবেল, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। এসব পণ্যের মধ্যে মিষ্টি, দই, রসমালাই ও পাউরুটিতে অগ্রিম মেয়াদের তারিখ, লেবেলবিহীন রশিদ ও বিভিন্ন কেমিকেল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযানকালে দিনাজপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ নবী, পার্বতীপুর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আবু নাসেরসহ ডিবি পুলিশ ও সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :