Facebook Twitter Instagram YouTube

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ /
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে স্পষ্ট জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলগুলো খারিজ করে দেওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী এ বিষয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘ইনশা আল্লাহ। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।’

এর আগে, হাইকোর্টের রায়ের পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, আপিল বিভাগ হাইকোর্টের রায়টি বহাল রেখেছেন। তিনি আরও বলেন, পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট ব্যবস্থা ফিরিয়ে আনা এবং সংবিধানে ৭ক ও ৭খ অনুচ্ছেদ বাতিলের বিষয়ে যে পর্যবেক্ষণ দিয়েছিলেন, তা এখন বহাল থাকল।

তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস করেছিল, যার মাধ্যমে সংবিধানে ৫৪টি পরিবর্তন আনা হয়। এতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ জাতির পিতার স্বীকৃতি, জাতীয় চার মূলনীতি এবং অবৈধ ক্ষমতা দখলের সর্বোচ্চ শাস্তির বিধান যুক্ত করা হয়।

পরবর্তীতে ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের পর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট করা হয়। চূড়ান্ত শুনানি শেষে ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট বাদ দেওয়ার ধারাগুলোসহ ৭(ক), ৭(খ) ও ৪৪(২) অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বাতিল করেন। এই রায়ের বিরুদ্ধে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার বিশিষ্ট ব্যক্তি লিভ টু আপিল করলে ১৩ নভেম্বর আপিল বিভাগ তা মঞ্জুর করেন এবং সবশেষে বৃহস্পতিবার আপিলগুলো খারিজ করে দেন।