Facebook Twitter Instagram YouTube

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল মেধার ভিত্তিতে প্রকাশের নির্দেশ আপিল বিভাগের


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ /
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল মেধার ভিত্তিতে প্রকাশের নির্দেশ আপিল বিভাগের

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল কোটা নয়, বরং মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত মামলার ১৫১ জন রিটকারীকে আগামী ৬০ দিনের মধ্যে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এই মামলার শুনানি শেষে রায় ঘোষণা করা হয়। এর আগে ২০২৪ সালের ২২ এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা বাদে ২১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশিত হয়েছিল। সেই ফলাফলের ভিত্তিতে ৪৬ হাজার ১৯৯ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

পরবর্তীতে এই ফল প্রকাশের বৈধতাকে চ্যালেঞ্জ করে ১৫১ জন চাকরিপ্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট রিটকারীদের পক্ষে রায় প্রদান করলে রাষ্ট্রপক্ষ সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানায়। চূড়ান্ত শুনানির পর আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে পরীক্ষার ফল মেধার ভিত্তিতে নতুন করে প্রকাশ এবং রিটকারী ১৫১ জনকে ৬০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার চূড়ান্ত নির্দেশ প্রদান করেন।