Facebook Twitter Instagram YouTube

মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ


প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ / ০
মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ

ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষ এই জরুরি অবতরণের বিষয়টি নিশ্চিত করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন জানান, ভারতের অভ্যন্তরীণ রুটের এই ফ্লাইটটি বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে যাওয়ার সময় যান্ত্রিক গোলযোগের কবলে পড়ে। উড়োজাহাজটির দরজা খুলে গেলে পাইলট ঢাকার কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান।

উড়োজাহাজটি অবতরণের পর দ্রুত ভেতরে থাকা সংকটাপন্ন এক নারী রোগীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত ওই যাত্রীর নাম অঞ্জনা ভৌমিক।

এয়ার অ্যাম্বুলেন্সটিতে পাইলটসহ মোট ৭ জন আরোহী ছিলেন, যাদের সবাই ভারতীয় নাগরিক। তাদের মধ্যে রয়েছেন ডা. ফিরোজ খান, একজন প্যারামেডিক এবং মৃত রোগীর দুইজন স্বজন। উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড হিসেবে ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট হিসেবে ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা।

যাত্রী তালিকা অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালনায় চলছিল। সি৯০এ (C90A) মডেলের উড়োজাহাজটির নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটে থাকা বাকি আরোহীরা সুস্থ আছেন। যেহেতু এটি ভারতের অভ্যন্তরীণ ফ্লাইট, তাই তাদের কাছে কোনো পাসপোর্ট বা ভিসা নেই। বাংলাদেশের আইন অনুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাদের দেশে পাঠানো হবে। তবে ঠিক কী কারণে উড়োজাহাজটির দরজা মাঝ আকাশে খুলে গিয়েছিল বা ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin