
দেশে চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় টিকা না পাওয়া ছয় মাস থেকে নয় বছর বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে দুই সপ্তাহের মধ্যে টিকা দেওয়ার সুপারিশ করেছে যৌথ স্বাধীন মূল্যায়ন দল। সংক্রমণ ও টিকা না পাওয়া শিশুর সংখ্যা বেশি এমন জেলাগুলোকে এই কার্যক্রমে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। গত বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক কর্মশালায় ৭০ সদস্যের এই দল তাদের মূল্যায়ন ও সুপারিশ উপস্থাপন করে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এবং টিকায় প্রতিরোধযোগ্য রোগ নজরদারি পর্যালোচনার অংশ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে এই দল গঠিত।
যৌথ স্বাধীন মূল্যায়ন দল জানিয়েছে, টিকাদানের ব্যর্থতার কারণেই বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ‘বিস্ফোরণ’ ঘটিয়েছে। ২০০০ থেকে ২০২৫ সালের মধ্যে বিপুলসংখ্যক শিশুর টিকা থেকে বাদ পড়া, ২০২৫ সালে হাম-রুবেলার টিকার মজুত ফুরিয়ে যাওয়া এবং দুই বছরের বেশি বয়সী শিশুদের নিয়মিত টিকা থেকে বাদ দেওয়াই এই পরিস্থিতির মূল কারণ। এছাড়া দেশের জনঘনত্ব এবং প্রাদুর্ভাবে অপর্যাপ্ত সাড়াকেও বর্তমান অবস্থার জন্য দায়ী করা হয়েছে।
চলতি বছরের মার্চে শুরু হওয়া হামের প্রাদুর্ভাব এখনো শেষ হওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না। সরকার প্রাথমিকভাবে টিকার মাধ্যমে এটি নিয়ন্ত্রণের আশা করেছিল। গত ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত একটি জাতীয় হাম-রুবেলা টিকার ক্যাম্পেইন পরিচালিত হয়। এরপর স্বাস্থ্য বিভাগ নিয়মিত টিকাদানের পাশাপাশি ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদেরও টিকা দেওয়া অব্যাহত রাখলেও, হাম নিয়ন্ত্রণে আসেনি। এই পরিস্থিতিতে যৌথ স্বাধীন মূল্যায়ন দলের সুপারিশকে জনস্বাস্থ্যবিদেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৯ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৬৬ জন রোগী হাসপাতালে এসেছেন এবং ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হয়েছে। হামে আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশই অপুষ্টির শিকার বলে জানা গেছে।
যৌথ স্বাধীন মূল্যায়ন দলের সুপারিশগুলোর মধ্যে রয়েছে: হামের প্রাদুর্ভাব কমাতে বাদ পড়া শিশু ও সংক্রমণ বেশি থাকা জেলাগুলোতে এখনই অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া। নিয়মিত টিকার ক্ষেত্রে শিশুদের বয়সসীমা দুই বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা। হাম-রুবেলার টিকার পরবর্তী জাতীয় ক্যাম্পেইনের পরিকল্পনা ঠিক সময়ে করা, যা সম্ভবত ২০২৯ বা ২০৩০ সালে হবে। এছাড়া, স্বাস্থ্যকর্মীদেরও টিকা দেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত ছয় মাস বয়সে হাম-রুবেলার টিকা দিতে হবে এবং ছয় মাসের কাছাকাছি বয়সী শিশুকে টিকা দেওয়ার পাশাপাশি পৃথক করে রাখতে হবে।
বিশেষজ্ঞরা আরও বলেছেন, সন্দেহভাজন সব রোগীর (যাদের জ্বর ও র্যাশ আছে) নাম, ঠিকানা, বয়স, লিঙ্গসহ সাধারণ তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। প্রতিটি হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের চর্চা নিশ্চিত করতে হবে এবং হালনাগাদ রোগী ব্যবস্থাপনা নির্দেশনা রাখতে হবে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘস্থায়ীভাবে বাদ পড়া শিশুদের টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য টিকাদানের স্থানীয় পরিকল্পনা হালনাগদ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যালয়ে ভর্তির সময় শিশুদের টিকাদানের কার্ড যাচাই-বাছাইয়ের মাধ্যমে বাদ পড়া শিশুদের টিকা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
যৌথ স্বাধীন মূল্যায়ন দল উচ্চ মানসম্পন্ন নজরদারি এবং প্রাদুর্ভাবে যথাসময়ে সাড়া দেওয়ার ওপর জোর দিয়েছে। তারা নতুন রোগীর ওপর সক্রিয় নজরদারি নিশ্চিত করতে এবং জ্বর ও র্যাশ থাকা রোগীর ক্ষেত্রে জাতীয় নির্দেশনা অনুসরণ করতে বলেছে। টিকার কার্যকারিতার ওপর প্রভাব ফেলে এমন প্রাতিষ্ঠানিক ও মাঠপর্যায়ের ত্রুটিগুলো খতিয়ে দেখতে গবেষণার প্রয়োজন এবং নয় মাসের কম বয়সী শিশুদের তথ্য পর্যালোচনা করা দরকার বলেও বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, “যৌথ স্বাধীন মূল্যায়ন দলের সুপারিশ প্রায় সবগুলোই গুরুত্বপূর্ণ। আমরাও শিশুদের টিকাদানের বয়স বাড়ানোর কথা বলে আসছি। তবে হাম মোকাবিলায় কমিউনিটির সম্পৃক্ততার কথা সুপারিশে নেই, মনে হয় কিছুটা গুরুত্ব কম পেয়েছে।” তার মতে, দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক ও ওষুধের সহায়তা না দিলে তারা হাসপাতালে আসবে না, ফলে সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হবে।
আপনার মতামত লিখুন :