Facebook Twitter Instagram YouTube

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ণ / ০
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ পরিচালনার ঘটনায় সৃষ্ট বিতর্কের জেরে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন। সোমবার সকাল ৮টা ৩৬ মিনিটে নিজের ফেইসবুক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অবিভক্ত ঢাকা সিটি করপোশেনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন জানান, আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে তিনি পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।

এর আগে শনিবার বিকেলে নিজের ফেইসবুক পেইজে গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের কয়েকটি ভিডিও প্রকাশ করেন ইশরাক হোসেন। এর মধ্যে একটি ভিডিওতে তাকে অস্ত্র হাতে অভিযানে অংশ নিতে দেখা যায় এবং অন্য একটি ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ সদস্যদের সহায়তায় নিয়ে যেতে দেখা যায়। এই ঘটনা ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হওয়ার পর ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানিয়েছিলেন, স্থানীয় ডিসিকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং আইনের কোনো ব্যত্যয় ঘটলে ডিএমপি আইনগত ব্যবস্থা নেবে।

এদিকে রোববার রাতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। এ বিষয়টি বিএনপির অনেক নেতাকর্মীর ফেইসবুকেও শেয়ার করতে দেখা গেছে। এসব বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন লিখেছেন, “ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।”

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin