Facebook Twitter Instagram YouTube

ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: আইসিটি মন্ত্রী


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ / ০
ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: আইসিটি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার। তিনি বলেন, যারা দেশের ও এলাকার উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করবেন, জনগণ তাদেরই সমর্থন দেবেন। ভালো কাজের মূল্যায়ন ও স্বীকৃতি রাজনীতিবিদদের জনসেবায় আরও বেশি উৎসাহিত করে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানীর কড়াইলে বিটিসিএল আবাসিক এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সার্বজনীন পূজা উদযাপন পরিষদ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই ‘শারদীয় শুভেচ্ছা’ অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী হিন্দু সম্প্রদায়ের সবাইকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছেন এবং তাঁদের কল্যাণে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।

পূজা উদযাপনকারীদের পক্ষ থেকে এলাকার রাস্তাঘাট, সুপেয় পানির ব্যবস্থা এবং আবাসনসহ বিভিন্ন উন্নয়নমূলক দাবির বিষয়ে মন্ত্রী বলেন, এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। স্থানীয় জনগণের সহযোগিতায় এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে মন্ত্রী হিন্দু সম্প্রদায়ের সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিতরণ করা হয়।

বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রিটিশ চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী। এসময় বিটিসিএল ও এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবারের সদস্য এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din